মেহেরপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে মিনারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মিনারুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার শহড়াতলা গ্রামের উজির আলীর ছেলে। একই মামলায় আলমগীর হোসেন, রজব আলী ও জোহা আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি তেঁতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা রিফুজিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে মিনারুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪(গ) ধারায় গাংনী থানায় মামলা (মামলা নং-২৪, জিআর কেস নং-২৪/২০২৫, সেশন কেস নং-৩৭৩/২০২৪) দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত মিনারুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম। আসামি মিনারুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট এহান উদ্দীন মনা এবং অন্যান্য আসামিদের পক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন আইনজীবী হিসেবে ছিলেন।
Comments (0)