সাভারে ডিবির অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে তিন সদস্যের একটি ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
রোববার (২৪ মে) ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর) ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য জালাল (৪০), বাদশা মিয়া (২৭) ও জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জালালের বাড়ি সাভারে, বাদশা মিয়ার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে এবং জাকির হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় বলে জানিয়েছে পুলিশ। তবে তারা আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার জালালের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
ডিবি জানিয়েছে, ধৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এমএমএইচ
Comments (0)