যুদ্ধ থামাতে রাজি ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি
ইরান যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। দেশটির তিনজন শীর্ষ কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে তেহরান একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে।
এই সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে কোনো ধরনের শুল্ক বা ফি ছাড়াই চলাচলের অনুমতি দেওয়া হবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করতে পারে। পাশাপাশি লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধের বিষয়টিও আলোচনায় রয়েছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তেহরান দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই কূটনৈতিক সমাধানের পথে এগোতে চায়। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণ চুক্তির ঘোষণা আসেনি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকেরা এটিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বলেন, সম্ভাব্য চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও সমাধান খোঁজা হবে।
বিশ্লেষকদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ ও পাল্টা হামলার আশঙ্কা থাকলেও এখন কূটনৈতিক পথই বেশি শক্তিশালী হয়ে উঠছে। তবে এই সমঝোতা দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করতে পারবে কি না, তা এখনো অনিশ্চিত।
Comments (0)