প্রধানমন্ত্রীর প্রটোকল সদস্যদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

May 30, 2026 - 21:00
0
প্রধানমন্ত্রীর প্রটোকল সদস্যদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের গালিগালাজ করার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া তার দলীয় পদ হারিয়েছেন।

শনিবার (৩০ মে) বিকালে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দেন।

এর আগে দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে গাড়িবহরের পেছনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, তার স্থলে কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জিয়া উদ্যানের পাশের মূল সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের গাড়ি চলে যাচ্ছে। পিজিআরের একটি গাড়ি পার হওয়ার পর টি-শার্ট ও ক্যাপ পরিহিত নিরাপত্তা টিমের সদস্যদের আরেকটি গাড়ি সামনের দিকে ছুটছে। কয়েকজন সদস্য তখনও গাড়িতে ওঠেননি। পাশ দিয়ে পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ বেশ কয়েকজন সামনের গাড়ির দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় তাদের মধ্য থেকে নিরাপত্তা টিমকে গালি দিতেও শোনা যায়।

তবে সাংবাদিকদের কাছে আব্দুর রহিম ভূঁইয়া দাবি করেন, তিনি গালিগালাজ করেননি; বরং নিরাপত্তা টিমের পক্ষ থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তিনি আহত হন।

এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে কোনও ছাড় না দেওয়ার পক্ষে মত দেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

Comments (0)

User